মেক্সিকোর কুখ্যাত মাদকচক্র নেতা নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস ওরফে এল মেনচো সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জালিসকো প্রদেশে সংঘর্ষে ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তামন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ।
গত রোববার বিশেষ বাহিনীর অভিযানে এল মেনচো আটক হন। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে দেশের অন্তত ২০টি প্রদেশে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমাঞ্চলে প্রায় আড়াই হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্দো ত্রেভিলা।
এল মেনচো ছিলেন জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান। সংগঠনটি মেক্সিকোর অন্যতম ভয়ংকর মাদকচক্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাঁর এক ঘনিষ্ঠ নারী সঙ্গীকে অনুসরণ করে নিরাপত্তা বাহিনী তাঁর অবস্থান শনাক্ত করে। আটকের সময় গোলাগুলিতে তিনি আহত হন এবং পরে মারা যান।
অভিযানে তাঁর অন্তত ছয়জন নিরাপত্তারক্ষী নিহত হন এবং তিন সেনা সদস্য আহত হন। নিরাপত্তামন্ত্রী আরও জানান, সহিংসতায় একজন কারারক্ষী, প্রাদেশিক প্রসিকিউটরের কার্যালয়ের এক সদস্য এবং মাদকচক্রের অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন।
এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অনুসারীরা বিভিন্ন শহরে হামলা চালায়। কোথাও রাস্তার ওপর কাঁটা ও পেরেক ছড়িয়ে অবরোধ সৃষ্টি করা হয়, কোথাও আবার যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানিয়েছেন, সোমবার সকাল নাগাদ অধিকাংশ সড়ক অবরোধ সরিয়ে ফেলা হয়েছে।
সহিংসতার সময় কয়েক ডজন ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন দেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে জালিসকোর গভর্নর পাবলো লেমুস নাভারো রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা জারি করেন এবং বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানান। ফলে অনেক শহরের সড়ক ফাঁকা হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


