আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী যশোরসহ দক্ষিণ পশ্চিম রিজিওনের বিভিন্ন জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দীকি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কাজ করবে।
তিনি আরও জানান, দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোরের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলাভেদে সর্বোচ্চ ছয়টি প্লাটুন দায়িত্ব পালন করছে। এ অঞ্চলে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং ১০৮টি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১টি প্লাটুন মোতায়েন রয়েছে। এখানে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
সারাদেশে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


