রাজধানীর তুরাগ কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ১০ নং সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের ২য় তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন
রিয়া (২৭)। রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯)। এছাড়া রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, ২য় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়।
তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতুব্বর। ভোর রাত সাড়ে ৩টার দিকে ২য় তলার বাসায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও ২য় তলার দেয়াল ভেঙ্গে গেছে৷ বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে।
সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা ড্রেসিং সম্পন্ন হলে পরে জানানো যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


