টানা কয়েক দিনের গুমোট গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের মধ্যেই রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ভ্যাপসা গরম কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার ক্ষেত্রে এর গতিবেগ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যার ফলে শহরজুড়ে তীব্র অস্বস্তি বিরাজ করছিল।
কেবল ঢাকা নয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টির প্রভাবে তা অনেকটা প্রশমিত হয়ে আসতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


