
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ছাড়লেন কারাবন্দী রুশ বিরোধী নেতা ও ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। আজ সোমবার দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। খবর প্রকাশ করেছে রয়টার্স।
এক সূত্র জানিয়েছেন, কিরা ইয়ারমিশ ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি চলে গিয়েছেন। তবে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ইয়ারমিশ।
চলতি মাসের শুরুতে রাশিয়ার একটি আদালত ইয়ারমিশের চলাফেরার স্বাধীনতার ওপর ১৮ মাসের বিধিনিষেধ আরোপ করেন। করোনা বিধি লঙ্ঘন করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেন আদালত।
ইয়ারমিশের ওপর যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে অন্যতম- রাতে বাড়ি থেকে বের হওয়া যাবে না, কোনো র্যালিতে অংশ নেওয়া যাবে না এবং কর্তৃপক্ষকে না জানিয়ে নিজের ঠিকানাও পরিবর্তন করা যাবে না।
পুলিশের ভাষ্য অনুযায়ী ইয়ারমিশের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শীতে করোনা বিধি লঙ্ঘন করে অবৈধভাবে নাভালনির সমর্থনে বিক্ষোভ করেছেন। তবে ইয়ারমিশ বলছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
আগামী মাসে রাশিয়ায় সংসদ নির্বাচন। তার আগে দেশটির বিরোধী নেতাদের ওপর নানাভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে রুশ কর্তৃপক্ষ। এমতাবস্থায় নাভালনির মিত্রদের মধ্যে অনেকেই রাশিয়া ত্যাগ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


