Advertisement
স্পোর্টস ডেস্ক : পবিত্র রমজানের রোজা রেখেও বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করেছেন পল পগবা। ওই ম্যাচে সফরকারী এএস রোমাকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে রেড ডেভিলসরা।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার ইতালীয় ক্লাবটির বিপক্ষে সেরা দক্ষতাই প্রদর্শন করেছেন। তিনি বলের যোগান দিয়ে সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল আদায় করেছেন বিরল এক হেডের সাহায্যে।

এমন ভাল পারফর্ম করলেও ২৮ বছর বয়সী এই প্লে মেকার রোজা ভাঙেননি। এ জন্য তাকে কোন রকম অসুস্থতায়ও পড়তে হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েববসাইটকে এই ফরাসি আন্তর্জাতিক বলেন,‘বছরের পর বছর ধরেই রমজানে আমি এটি করে আসছি। আমার একজন পেশাদার পুষ্টিবিদ আছেন, যিনি আমাকে সহযোগিতা করেন। তিনি আমাকে বলে দেন কখন খেতে হবে এবং কখন অনুশীলন করতে হবে। তিনি কিছু পুষ্টিকর খাবার আমার কাছে পাঠিয়ে দেন। যে কারণে আমার খুব বেশী সমস্যা হয় না এবং মোটামুটি ভাল থাকি।’

পগবা বলেন,‘আমার ভাগ্য ভাল, যে এখানে খুব বেশী উষ্ণতা নেই। তবে আপনারা জানেন সেটি হলেও আমাকে এর মোকাবেলা করতে হতো। এটি কঠিন কোন কাজ নয়। এটি ঠিক আছে এবং ভাল কাজ।’

ইসলামের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে পগবা বলেছেন এর দ্বারা তিনি ভাল ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠেছেন। ২০১৯ সালে মুসলিম হওয়ার অর্থ তার কাছে কি জানতে চাইলে জবাবে পগবা দ্য টাইমসকে বলেন, ‘এটিই সবকিছু। এটি আমাকে সবকিছুর জন্য কৃতজ্ঞ করে তুলেছে।

এটি আমার মধ্যে পরিবর্তন এনেছে। জীবনের উপলব্ধি এনেছে। আমার ধারনা সম্ভবত এটি আমার মধ্যে আরও শান্তভাব এনে দিয়েছে। এটি ছিল আমার জীবনের একটি ভাল পরিবর্তন। কারণ আমি মুসলিম হিসেবে জন্মগ্রহন করিনি। যদিও আমার মা মুসলিম ছিলেন। তবে আমি সেভাবেই বড় হয়েছি, সবার প্রতি সম্মান প্রদর্শন করে।

আপনারা যে সন্ত্রাসবাদ দেখছেন ইসলাম এর প্রতিচ্ছবি নয়। ইসলাম হচ্ছে সুন্দর কিছু। আপনাকে সেটি জানতে হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.