
জুমবাংলা ডেস্ক : দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে।
এ ঘোষণার পর রবিবার সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়াঘাটে বাড়তে শুরু করেছে যাত্রীদের চাপ। সরকারের নির্দেশে যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা থাকলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এ ছাড়া লঞ্চগুলোতে নেই সামাজিক দূরত্বের বালাই।
সরেজমিন দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে সাধারণ মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন এবং ঢাকা ছাড়ছেন তারা।পাশাপাশি ঢাকামুখী যাত্রীদের চাপও ছিল চোখে পড়ার মতো।
ঢাকাফেরত যাত্রী লাভলী বেগম বলেন, সরকার এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে; যে কারণে ভোরে ঢাকা থেকে মাগুরার বাড়িতে ছেলেমেয়ে নিয়ে যাচ্ছি।
রাজবাড়ী থেকে ঢাকামুখী যাত্রী হারুনুর রশীদ বলেন, জামাই ঢাকা থাকে আমার এখানে এক মাস ছিল। এর মধ্যে শুনলাম লকডাউনের খবর; তাই জামাই ফোন করলে মেয়েকে ঢাকায় নিয়ে যাচ্ছি।
দৌলতদিয়া লঞ্চঘাট শাখার দায়িত্ব থাকা ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, লকডাউনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ও আরিচা-পাটুরিয়া নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।
এ ছাড়া শিল্প-কলকারখানা ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো লকডাউনের আওতায় না থাকায় যারা বাড়িতে ছিলেন তারা ঢাকা ফিরতে শুরু করেছেন।
তবে বিকালের দিকে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


