Advertisement

স্পোর্টস ডেস্ক : মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে হঠাৎ ছন্দ হারা লিভারপুল। এবার এফএ কাপের শেষ ষোলো থেকে ছিটকে গেল দলটি। তাদের হারিয়ে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে উঠেছে চেলসি।

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতাটির শেষ ষোলোর লড়াইয়ে অতিথি লিভারপুলকে ২-০ গোলে হারায় চেলসি। উইলিয়ানের গোলে প্রথমার্ধে ব্লুরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রস বার্কলে।

সবশেষ চার ম্যাচের মধ্যে এটা লিভারপুলের তৃতীয় হার। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৪৪ ম্যাচে অপরাজিত থাকার পর গত শনিবার পুঁচকে ওয়ার্টাফোর্ডের কাছে হেরে যায় লিভারপুল। এর আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতেলেতিকো মাদ্রিদের মাঠে হারে ইয়ুর্গেন ক্লপের দল।

চেলসির মাঠে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি লিভারপুল। বেশ কয়েকবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হতে হয়েছে তাদের। বাধা হয়ে দাঁড়ান চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।

চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি লিভারপুল। ৬৪তম মিনিটে আরও একটি গোল খেয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে অল রেডরা। সতীর্থের কাছ থেকে দ্রুত গতির পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের শটে এবার গোল করেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার বার্কলে।

গোলের উদ্দেশে অন্তত ১৪টি শট নিয়েছিল লিভারপুল। এর মধ্যে পাঁচটি শট লক্ষ্যে থাকলেও জালে জড়ায়নি। ফলে চার ম্যাচের মধ্যে তৃতীয় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ীদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.