চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা আবু তাহের।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন এলাকায়। অসুস্থ কর্মীর শিয়রে আগ্নেয়াস্ত্রসহ তার এই ছবি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত ইউনিয়ন বিএনপি নেতা নুর ছাফা সাবুকে দেখতে তার বাড়িতে যান আবু তাহের। সে সময় তার হাতে একটি লম্বা ব্যারেলের শটগান ধরা ছিল, যা ছবিতে স্পষ্টভাবে দেখা গেছে। আবু তাহের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা জুব্বা ও টুপি পরা আবু তাহের অন্যদের সঙ্গে বসে আছেন এবং তার হাতে একটি ‘পাম্প-অ্যাকশন’ শটগান রয়েছে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এটি ‘মসবার্গ ৫০০’ সিরিজ বা সমজাতীয় কোনো শক্তিশালী মডেলের শটগান হতে পারে, যা সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে থাকে।
আইন বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও তা জনসমক্ষে প্রদর্শনের কোনো সুযোগ নেই। আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র বহন করলেও তা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে রাখতে হয়। নিয়মের ব্যত্যয় ঘটলে জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট অস্ত্রের লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারেন। এমনকি এ ধরনের আচরণের জন্য ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।
অভিযোগের বিষয়ে আবু তাহের দাবি করেছেন, অস্ত্রটি তার লাইসেন্স করা বৈধ শটগান এবং নিজের নিরাপত্তার স্বার্থেই তিনি এটি সাথে রেখেছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুনঃ
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে লাইসেন্সের শর্ত ভঙ্গের প্রমাণ মিললে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


