আন্তর্জাতিক ডেস্ক : পরস্পরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র অনেকটাই সুর নরম করেছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও টুইট করে জানিয়েছেন, জেনারেল সোলেইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে। তারা যুদ্ধ চান না। এ ছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, ইরান তাদের প্রক্সি বাহিনীকে কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের রেভোল্যুশনারি গার্ডপ্রধান জেনারেল সোলেইমানিকে। ওই হামলার জবাবে গত মঙ্গলবার রাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যাতে অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও বহু আহত হয়েছে বলে দাবি করে দেশটি। তবে যুক্তরাষ্ট্র এ হামলায় হতাহতের ঘটনা অস্বীকার করে। কিন্তু এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের এই হামলার পাল্টা জবাব দেয় কিনা তা নিয়ে শঙ্কার মধ্যেই উভয় দেশ তাদের সুর নরম করল।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদকে দেওয়া এক চিঠিতে যুক্তরাষ্ট্র বলেছে, নিজেদের রক্ষা করার জন্যই তারা জেনারেল সোলেইমানিকে হত্যা করেছে। চিঠিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সে জন্য যুক্তরাষ্ট্র বিনাশর্তে আলোচনা করতে তৈরি আছে। তবে মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য এবং স্বার্থরক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেবে।
একই বিষয়ে পাল্টা চিঠিতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে। মঙ্গলবারের ওই হামলা ছিল সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ। এর মাধ্যমে সামরিক ছাড়া কোনো বেসামরিক মানুষ এবং তাদের সম্পদের ক্ষতি হয়নি।
এর আগে গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং সন্ত্রাসের পথ ত্যাগ করে, শান্তি স্থাপনে তিনি প্রস্তুত। তবে ভাষণে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুশিয়ারি না দিলেও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ট্রাম্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


