
আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে বলে জানা গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে প্রকাশ করা হবে রুটিন।
এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ১০, ১১ এবং ১২ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন থেকে এসএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চলতি সপ্তাহে পরীক্ষা শুরুর দিন চূড়ান্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্মতি দিলে আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন এসএসসি পরীক্ষা শুরু করা হবে।
এসএসসি পরীক্ষা শুরু হলেই এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক নেহাল।
করোনা মহামারির কারণে ঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ানো হবে। আগে ১০টি প্রশ্নের মধ্যে ৭-৮টির উত্তর দিতে হলেও এবার সেখানে চারটির উত্তর দিতে বলা হবে।
এ বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



