সারাদেশে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই দেশের ৯টি জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যেই দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা ও রাজশাহীসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো— ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাস
বুধবার (২২ এপ্রিল): রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলমান তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার: এই দুই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ২৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল): বৃষ্টির আওতা আরও বেড়ে রাজশাহী বিভাগেও দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যা তপ্ত জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

