সবুজ ধানক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে সরু মাটির পথ। সেই পথ ধরে কোলে একটি গন্ধগোকুল নিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট এক শিশু। আর তার পেছন পেছন হেঁটে আসছে একটি বিশাল সজারু। রূপকথার দৃশ্যের মতো এই ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেকেই ধারণা করেছিলেন, এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য। দেশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল থাকায় এমন ধারণা আরও জোরালো হয়। তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটি শ্রীলঙ্কার। ভিডিওটি বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার জানায়, গত ১২ জুন ভিডিওটির মূল সংস্করণ প্রথম পাওয়া যায় প্রভাত সিলভা নামের এক শ্রীলঙ্কান ব্যক্তির ফেসবুক প্রোফাইলে। সেখানে সিংহলিজ ভাষায় দেওয়া ক্যাপশনে উল্লেখ করা হয়েছিল, “যে ছোট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যায়।”
বাংলাদেশের গ্রামীণ পরিবেশের সঙ্গে দৃশ্যটির অনেকটাই সাদৃশ্য থাকায় বিভ্রান্তি তৈরি হলেও প্রকৃতপক্ষে এটি শ্রীলঙ্কার একটি ভিডিও। তবে দেশের সীমানা ভিন্ন হলেও শিশুটির প্রাণীদের প্রতি মমতা ও ভালোবাসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে সত্যতা যাচাইয়ের পরও নেটিজেনদের মধ্যে এর জনপ্রিয়তা কমেনি। বরং শিশুর সঙ্গে গন্ধগোকুল ও সজারুর এমন হৃদয়স্পর্শী মুহূর্তকে অনেকেই প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



