
জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে মাস্ক পরা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোড-শো কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আজ জাতীয় শোক দিবসে স্থানীয় সংসদ সদস্য এবং ডিএনসিসি’র স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ৫ লক্ষ মাস্ক বিতরণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিজেদের সুস্থতার জন্য সবাই মিলে ‘সকাল ১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তর করা হবে।’
মেয়র বলেন, ‘মাস্ক আমার, সুরক্ষা সবার, তাই করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে প্রত্যেককেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


