জুমবাংলা ডেস্ক : বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের দেয়া চিঠির জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লোক মারফত এই চিঠি পৌঁছে দেন তিনি। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই তথ্য নিশ্চিত করেছেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সেটা বলতে পারবো না। কারণ একটি বন্ধ খাম আমাকে দেয়া হয়েছে। সেটা সেই অবস্থায় আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে দিয়েছি।
তবে বিএনপির একটি সূত্রে জানা গেছে, চিঠিতে মির্জা আব্বাস বলেন, ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তবুও দল তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। তার বক্তব্য আসলে কেউ অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়। চিঠিতে তিনি আরো বলেন, আমি কখনো বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করেনি। দলের দুঃসময়ে দলের জন্য নিরসলভাবে কাজ করেছি। সরকার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি সামনে থেকে। গত ৪৩ বছরে তার সামনে বিএনপি নিয়ে কেউ বিরুপ মন্তব্যের সাহস পায়নি। কেউ করলে তার কড়া প্রতিবাদ করেছেন। তারপরও ৪৩ বছর পর এই প্রথম একটি বক্তব্য নিয়ে দলের ভেতরে তাকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে।
গত ১৭ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক ভার্চুয়াল আলোচনা সভায় বলেছিলেন, ‘ইলিয়াস আলীর গুমের পেছনে দলের নেতারা জড়িত থাকতে পারেন। দলের ভেতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিদের অনেকেই চেনেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি।
ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মলনীর উদ্যোগে ওই সভায় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আব্বাস বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগ্বিতণ্ডার হয় মারাত্মক রকমের। তাকে ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন। আমার দলে এখনো সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।
পরে গত ২২ এপ্রিল ইলিয়াস আলীর গুমের সঙ্গে দলের নেতারা জড়িয়ে মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছিলেন- তার ব্যাখ্যা চায় বিএনপি। ওই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দেন।
ওই চিঠিতে মির্জা আব্বাসকে বলা হয়, ইলিয়াস আলী গুম হয়েছেন ৯ বছর এই বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। আপনার বক্তব্য এই জনমতকে প্রশ্নবিদ্ধ করছে। যার ফলে দলের নেতা-কর্মীরা আপনার বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা প্রত্যাশা করছে যে, আপনি কি বলতে চেয়েছিলেন।
যদিও গত ১৮ এপ্রিল শাহজাহানপুরে নিজের বাসায় এক সংবাদ সম্মেলন মির্জা আব্বাস বলেছিলেন, ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী। এই কথা কী আমি বলেছি- কেউ কী প্রমাণ করতে পারবে। অসম্ভব, সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই- আমরা কথা বিকৃত করা হয়েছে। পত্রিকায় এসেছে- সরকার বা আওয়ামী লীগ ইলিয়াসকে গুম করে নাই, এই কথাও আমি বলি নাই। আমার বক্তব্যকে বিকৃত করে পেচিয়ে লেখা হয়েছে, টুইয়িস্ট করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


