আন্তর্জাতিক ডেস্ক : কলম্বো সমুদ্রতীরে গত সপ্তাহে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজে আগুন ধরে যাওয়ায় নির্গত হওয়া নাইট্রোজেন ডাই-অক্সাইডের কারণে শ্রীলঙ্কায় হালকা এসিড বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কার শীর্ষ পরিবেশবিদরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকতে বলেছেন তারা।
এমভি এক্সপ্রেস পার্ল নামের কার্গো জাহাজটি রাসায়নিক ও কসমেটিকসের কাঁচামাল নিয়ে ভারতের গুজরাটের হাজিরা থেকে কলম্বো বন্দরে যাচ্ছিল। কলম্বো উপকূল থেকে ৯.৫ নটিক্যাল মাইল দূরে তাতে আগুন ধরে যায়।
গত ২০ মে থেকে কলম্বো বন্দরের বাইরে জাহাজটি নোঙ্গর করা ছিল। জাহাজটির ট্যাঙ্কে থাকা ৩২৫ মেট্রিক টন জ্বালানি ছাড়াও এমভি একপ্রেস পার্লে ১,৪৮৬টি কন্টেইনারে ২৫ টন বিপজ্জনক নাইট্রিক অ্যাসিড ছিল।
শ্রীলঙ্কার ম্যারিন এনভায়রনমেন্ট প্রটেকশন অথরিটির চেয়ারপারসন দার্শানি লাহান্ডাপুরা বলেন, জাহাজটি থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইডের নিঃসরণ ছিল অতিমাত্রায়। বৃষ্টির মৌসুমে এই নিঃসরণের ফলে কিছু মাত্রায় এসিড বৃষ্টি হতে পারে।
সতর্কতায় বলা হয়েছে, উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নিশ্চিত করতে হবে যেন, বৃষ্টি শরীরে না লাগে।
আগুনের বেশিরভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উপকূলকে দূষণমুক্ত রাখতে সম্ভাব্য সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


