গতবারের চেয়ে বিমান ভাড়া কমলেও খাবার মূল্যসহ অন্যখাতে বেড়ে ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। গতবারের তুলনায় সৌদি অংশে খাবার, আবাসন ও মুদ্রা বিনিময়ের হার বেড়ে যাওয়ায় প্যাকেজের দাম বেড়েছে।

মঙ্গলবার (২১ জুলােই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৭’ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। যা গতবছর ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা (খাবার ছাড়া মূল্য)। ২০২৭ সালে খাবারসহ সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বিমান ভাড়া কমলেও গতবারের চেয়ে খাবার খরচ যুক্ত হওয়ায় হজ প্যাকেজের মূল্য বেড়েছে ৩৮ হাজার ৪৮১ টাকা। ফলে খাবারেই যুক্ত হয়েছে ৩৯ হাজার ৫০৮ টাকা। যেটি গতবার ছিল না।
গতবারের একটি হজ প্যাকেজ বিলুপ্ত করা হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদ জানান, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে এবছর সরকারি মাধ্যমে আমরা দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা: ‘হজ প্যাকেজ-১’ ও ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’।
হজ প্যাকেজ-১: খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এরিয়ায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন।
উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধসাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী): এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর হতে ২-৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।
প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় গতবারের চেয়ে এবার সরকারি হজ প্যাকেজে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে ২০২৩ সালে বিমান ভাড়া ছিলো প্রায় ২ লাখ টাকা। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিমান ভাড়া ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। ২০২৭ সালের হজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইলফলক।
২০২৭ সালের হজে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় হাজীদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনার উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও সার্ভিস প্যাকেজকে একটি সমন্বিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন।
২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি মোট চারটি সার্ভিস প্যাকেজ ছিলো; কিন্তু ২০২৭ সালের হজে সার্ভিস প্যাকেজ হবে ৩টি; ‘ডি’ সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া, ২০২৭ সালের হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এসব উদ্যোগের কারণে হজযাত্রীদের খরচ বাড়লেও সেবার মান বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারসহ অন্যান্যরা যেখানে হজের খরচ বাড়িয়ে আল্লাহর মেহমানদের কষ্ট দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী হজের খরচ কিভাবে কমানো যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশিষ্ট্য: এটাই দেশের মানুষের প্রতি তার ভালোবাসা, মমত্ববোধ ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
প্রবাসী বাংলাদেশি হজযাত্রীগণ ২০২৭ সালের হজে যিনি যে দেশে অবস্থান করছেন সেদেশেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন জানিয়ে কায়কোবাদ বলেন, এর আগের বছরগুলোতে প্রবাসীদের দেশে এসে এ কাজগুলো করতে হতো। এছাড়া, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীগণ যাতে অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদিতে যেতে পারেন সে বিষয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি।
তিনি জানান, ২০২৭ সালের হজের নিবন্ধন ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এসময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হাবের সভাপতি গোলাম সরওয়ারসহ ধর্ম মন্ত্রণালয় ও হাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



