পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এখনো কাটেনি। মাঠের ক্রিকেট আর মাঠের বাইরের আইনি জটিলতা-সব মিলিয়ে অনিশ্চয়তা এতটাই ঘনীভূত যে, সাকিবকে ছাড়াই আসন্ন এই সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা রয়েছে। এসব আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত তাঁর ফেরা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, বিসিবি সাকিবের আইনজীবীদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বোর্ড চাইছে আইনি প্রক্রিয়া সুরাহা করে তবেই তাঁকে দেশে ফেরাতে।
এর আগে গত শনিবার কক্সবাজারে বোর্ড পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের আইনি জটিলতাগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে কাজ করছে।’ তবে দৃশ্যত, পাকিস্তান সিরিজ শুরুর আগে এসব মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে এই সিরিজ দিয়ে তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ আপাতত থাকছে না।
কোরআনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কওমি মাদ্রাসা : ধর্মমন্ত্রী
মাঠের বাইরের ঝামেলার পাশাপাশি সাকিবের ফিটনেস এবং অনুশীলনের ঘাটতিও নির্বাচকদের ভাবিয়ে তুলছে। লম্বা সময় ধরে দলের অনুশীলনের বাইরে থাকা এবং ফর্মের গ্রাফ-সব মিলিয়ে তাঁকে এই মুহূর্তে বিবেচনার বাইরে রাখছেন নির্বাচকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকিস্তান সিরিজের জন্য নির্বাচক প্যানেল ইতিমধ্যে সম্ভাব্য স্কোয়াড বোর্ডে জমা দিয়েছে, যেখানে সাকিবের নাম রাখা হয়নি। তবে এই দলে তরুণ পেসার নাহিদ রানা এবং ব্যাটার আফিফ হোসেনের অন্তর্ভুক্তির জোরালো আভাস পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


