জুমবাংলা ডেস্ক : পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আট সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়।
মঙ্গলবার তারা হাইকোর্টে হাজির জামিন আবেদন চাইলে শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে জানান এই আইনজীবী। তিনি বলেন, তাদেরকে আট সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে। জামিনের মেয়াদ শেষে তাদেরকে বরিশাল স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক মো. আলী আকবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে ৩টি মামলা দায়ের করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের ১৩ শতাংশ সরকারি খাস জমি নিজের দখলে নেন। পরে সেখানে তিনি দ্বিতল পাকা ভবন নির্মাণ করে পল্লী বিদ্যুৎ সমিতিকে অফিস হিসেবে ভাড়া দেন। এতে চুক্তি করেন এমপির স্ত্রী লায়লা পারভীন।
এ ঘটনার অনুসন্ধানের পর স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) দুদক কর্মকর্তাকে বলেছেন, তিনি ওই ছয় ব্যক্তির কোনো অস্তিত্ব খুঁজে পাননি। বলা হয় ঘটনাটি জালিয়াতি। অনুসন্ধানে বেরিয়ে আসা ছয় ব্যক্তির অস্তিত্ব না থাকলেও সাবেক এমপি আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের নামে বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে। এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ পাওয়ার পর দুদক অনুসন্ধান শেষ করে মামলা দায়ের করেছে।
আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পর পর দুইবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


