Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের আলোচিত সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক (ইডি) মো. শাহ আলমের ব্যাংক লেনদেনের তথ্য জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গত ২০১৩ সাল থেকে হওয়া সব ধরনের লেনদেনের তথ্য জানাতে বলেছে।

এছাড়া সাবেক ডেপুটি গভর্নর সুর চৌধুরী স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং বর্তমান নির্বাহী পরিচালক (ইডি) মো. শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগমের সব ধরনের ব্যাংক হিসাব চেয়েছেন কর গোয়েন্দারা।

সোমবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের হিসাব তলবের চিঠি সব ব্যাংকে পৌঁছেছে। গত বৃহস্পতিবার এনবিআর চিঠি পাঠায়।

ওই চিঠিতে সাত দিনের মধ্যে সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। এই হিসাবের তালিকায় সব ধরনের মেয়াদি আমানত, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্রসহ সব ধরনের হিসাব। শেয়ারবাজারে অর্থাৎ বিও হিসাবে কত টাকা আছে, তাও জানতে চায় এনবিআর। এসব হিসাবের ২০১৩ সালের জুলাই থেকে এই পর্যন্ত হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। এমনকি আগের ব্যাংক হিসাব কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এমন হিসাবের তথ্যও দিতে হবে।

পিপলস লিজিংয়ের অবসায়ন এবং প্রতিষ্ঠানটিতে সাধারণ মানুষের আমানতের বিপুল পরিমাণ অর্থ তছরুপ হওয়ার ঘটনায় আলোচনায় আসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা। পিপলস লিজিংয়ের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। ইস্যুটি বর্তমানে দেশব্যাপী ব্যাপক আলোচিত। এ ঘটনায় সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে শাহ আলমকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এনবিআরের সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচ্য দুই কর্মকর্তাসহ পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পিপলস লিজিং ইস্যুতে তাদের নাম আলোচনায় আসায় তাদের লেনদেনের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

চিঠিতে আলোচ্য ব্যক্তিদের একক বা যৌথ নামে বা আংশিক মালিকানায় পরিচালিত হিসাবের লেনদেন কিংবা সঞ্চয়পত্র, শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও জানাতে বলা হয়েছে। এমনকি আগে হিসাব ছিলো কিন্তু এখন বন্ধ রয়েছে এমন ব্যাংক হিসাবের লেনদেনের তথ্যও জানাতে অনুরোধ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.