চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে তার নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ ও শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালতের এ আদেশের পর নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম নিতে পারবে। গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণে এখন আর কোনো বাধা নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন। তার অভিযোগ ছিল- সারোয়ার আলমগীর ঋণখেলাপি।
ওই আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) ১৮ জানুয়ারি সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে। ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।
গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
পরে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ ওই আবেদন গ্রহণ করেন। তবে সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী হন। তবে আইনি জটিলতার কারণে তার নির্বাচনের ফল প্রকাশ স্থগিত রাখা হয়।
এরপর জামায়াত প্রার্থীর করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আদেশে দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে চলমান রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের আদেশ বহাল থাকবে বলেও জানান আপিল বিভাগ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আজ হাইকোর্টের রায়ের মাধ্যমে সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে চলমান আইনি জটিলতার অবসান হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



