জুমবাংলা ডেস্ক : সরকারকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে কোনো লাভ হবে না। এই অর্থ করোনাকালে দরিদ্র মানুষের কাজে ব্যবহার করুন। আড়াই কোটি দুস্থ পরিবারের জন্য এক মাসের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে।
শনিবার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সরকারের প্রতি এই আহ্বান জানান।
গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিতে দুস্থ হকার, শ্রমিক, মুক্তিযোদ্ধা ও বেকার সাংবাদিকদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। এসময় দেরিতে হলেও রাশিয়ার সঙ্গে ভ্যাকসিন তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান ডা. জাফরুল্লাহ । তিনি অনুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে দেশে ফিরিয়ে এনে ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সরকারকে অনুরোধ করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচিকে সফল করতে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, এই করোনায় মানুষের দুর্দশা লাঘবে প্রথম ধাপ হলো কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসা। সবার সহযোগিতায় আমরা সেই চেষ্টা করছি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সঞ্চিত টাকা দরিদ্রদের কাজে ব্যবহার করতে হবে। প্রশাসনকে ব্যবহার করে তিনি কর্মহীন, অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পাঠিয়ে দেয়ার আহ্বান জানান। তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি পরিবারের এক মাস চলার মতো খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি খাদ্য প্যাকেটে থাকবে ২০ কেজি চাল, চার কেজি আটা, পাঁচ কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি পিঁয়াজ, এক কেজি চিনি, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল, ৮০ গ্রাম সরিষার তেল এবং ৩০ গ্রাম শুকনা মরিচ।
গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও সাংবাদিক নেতা শফিউল আলম দোলন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


