
মুক্তি পাওয়ার ৪৮ দিন পর গুলশানের বাসায় ডেকে খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছেন। তবে কী কথা হয়েছে তাদের তা নিয়ে কিছু জানা যায়নি। বিএনপি মহাসচিবকে একাধিকবার ফোন করলেও কথা বলা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, দলীয় বিষয়েই আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন।
জানা গেছে, সোমবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা‘য় গাড়ি নিয়ে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। সোয়া এক ঘণ্টা সেখানে অবস্থান করে বেরিয়ে যান ফখরুল।
খালেদা জিয়ার মুক্তির ৪৮ দিন পর প্রথম এই একান্ত সাক্ষাৎ পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির আর কোনো সদস্যের সঙ্গে চেয়ারপারসনের একান্ত সাক্ষাৎ হয়নি।
গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন। গৃহকর্মী ফাতেমা বেগমের সঙ্গে একজন নার্সও আছেন বাসায়।
বাসার নিরাপত্তা কর্মীরা জানান, বাসায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত। শুধু চিকিৎসক টিমের সদস্য এবং কয়েকজন নিকটাত্মীয়ের প্রবেশাধিকার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



