বরিশালে যাত্রীবাহী বাসের ২১ যাত্রীর কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফিরিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ৪টি বাসকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) দিনভর বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা জানিয়েছেন, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস স্বরূপকাঠির উদ্দেশে ছেড়ে আসে। বাসে থাকা ২১ জন যাত্রীর বরিশালে নামার কথা। সেই হিসেবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫৬৫ টাকা করে ভাড়া নেওয়ার কথা। কিন্তু তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসে প্রবেশ করে যাত্রীর কাছ থেকে ভাড়ার বিষয়ে জানতে চাইলে তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। পরে হানিফ পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ২০০ টাকা করে ২১ যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহনের ২টি ও মেঘনা পরিবহনের ১টি বাসে চার হাজার টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ
বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের এই পরিদর্শক বলেছেন, ঈদ উল ফিতরে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারীকে বরিশালে নিযুক্ত করা হয়েছে। তিনি ১৬ থেকে ২৪ মার্চ পর্যন্ত বরিশালে দায়িত্ব পালন করবেন। ঢাকা থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিন অভিযান চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


