চট্টগ্রামে হামের উপসর্গ থাকা আরও ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নগরীর রয়েছে ২৬ জন। বাকি দুইজন উপজেলার বাসিন্দা।শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৩০ মার্চ থেকে এ নিয়ে ৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৮ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার পর্যন্ত চট্টগ্রামে ১২ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে আটজন নগরীর এবং চারজন উপজেলার বাসিন্দা। শনিবার একদিনে নতুন করে ৩১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে ১৮৬ জনের নমুনা পাঠানো হলো। এর আগে শুক্রবার একদিনে হামের উপসর্গ থাকা ১৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
এদিকে হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এ কর্মসূচির আওতায় বাদ পড়া ৯ মাসের বেশি বয়সী শিশুদের এমআর টিকা প্রদান, মাঠ পর্যায়ে সন্দেহজনক হামরোগী শনাক্তকরণ,নমুনা সংগ্রহ ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো ও সঠিক চিকিৎসা পরামর্শ প্রদান করা হচ্ছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নগরীর ঘনবসতিপূর্ণ চারটি এলাকায় হামের প্রকোপ বেশি। বর্তমানে এটি উপজেলায়ও ছড়িয়ে পড়ছে। হাম প্রতিরোধে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য টিকার কোনো বিকল্প নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


