
প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত সালাউদ্দিন। তবে গোলসংখ্যা আরও বাড়তে পারতো বলে তিনি মনে করেন, ‘ভালো ম্যাচ হয়েছে। দুই দলই ভালো খেলেছে। প্রথমার্ধে বাংলাদেশ খুবই ভালো খেলেছে। বিশেষ করে প্রথমার্ধে আরও দুই-একটা গোল হওয়া উচিত ছিল। তপু বর্মণের হেডে গোল হতে পারতো। কেন মিস করছে, ওকে জিজ্ঞেস করলে বলতে পারবে। ও গোলটা করলে ম্যাচটা তখনই ফিনিশ হয়ে যেতে পারতো। কিন্তু এটাই ফুটবল।’
নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের দেওয়া গোল নিয়ে সালাউদ্দিন বলেছেন,‘করোনাভাইরাসের কারণে অনেকটা সময় পর ফিরে খেলোয়াড়েরা নিজেদের অনেকটা ফিরে পেয়েছে (রিকভার করেছে) । ভালো ম্যাচ হয়েছে। একটু সময় লাগবে। (এমন) ফিনিশিং আগেই হওয়া উচিত ছিল। এটা নিয়ে আগে থেকেই কোচরা কাজ করছিলেন। গোল খেলোয়াড়দেরই করতে হবে। এটা কোচ বা আমি করে দিতে পারবো না। কাল তারা গোল করার মতো আত্মবিশ্বাসী ছিল। দুটি গোলই মানসম্পন্ন। এমন গোল করার মেধা ওদের আছে। যে কারণেই হোক ওরা এটা আগে করতে পারতো না।’
নেপালের বিপক্ষে দুটি ম্যাচ শেষে আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলবে বাংলাদেশ। সালাউদ্দিনের আশা, ‘কাতার ম্যাচ বাকি আছে ৩ থেকে চার সপ্তাহ। যথেষ্ট সময় নয়। কাতার তিন থেকে চার মাস আগে থেকে ট্রেনিং করছে। ওরা বিশ্বকাপের আয়োজক। এশিয়ার চ্যাম্পিয়ন। আমি আশা করবো, শ্রদ্ধা রেখে খেলে আসবে।’
বাফুফে আগামী চার বছরে ফিফা র্যাংঙ্কি ১৫০ –এর ঘরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। সালাউদ্দিন মনে করছেন নেপাল ম্যাচ দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল, ‘গতকালকের ম্যাচ জিতে ১৫০ র্যাঙ্কিংয়ের কাছাকাছি আসার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমাদের কাছে যে তহবিল (ফান্ড) আছে, সেই তহবিল থেকে টাকা এই খেলায় ব্যবহার করছি। এ নিয়ে বোর্ডের থেকে আপত্তি (অবজেকশন) ছিল। কেননা আমাদের আরও লিগ আছে, অনেক কিছু আছে। কিন্তু আমি জোরাজুরি করেছি। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানকে বলেছি। আমি কোথায় আছি, সেটা জানতে হলে আমাকে খেলতে হবে। ভালো করতে হলে ফুটবল খেলতে হবে। এবং খেলোয়াড়দের যতটুকু সুযোগ-সুবিধা দেওয়া দরকার, যথাসম্ভব আমরা সেটা দেবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



