জুমবাংলা ডেস্ক : সোমবার সন্ধ্যা থেকে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ, ফরিদপুর এবং খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ইউএনবির ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, জেলার কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কমলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিপিননগর গ্রামের বাবুলের স্ত্রী। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

dengue_6

Advertisement
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়াত জানান, চার দিনের জ্বর নিয়ে রবিবার বিকালে হাসপাতালে ভর্তি হন কমলা। পরে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। রক্তের প্লাটিলেট ছিল ১ লাখ ৯০ হাজার। তবে ব্লাড পেসার ছিল অনেক কম।

সোমবার সকালে কমলার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বিকালের দিকে হঠাৎ করেই খারাপ হয়ে যায় এবং খুব বমি হচ্ছিল। পরে সন্ধ্যায় তিনি মারা যান বলে জানান ডা. হুসাইন।

ফরিদপুর প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত মঞ্জু রানী (৫৫) রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর গ্রামের হরিপদ কুমারের স্ত্রী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, সোমবার সকালে মঞ্জুকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেলে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন মোট ৭৭ জন।

গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৯৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪৩৪ জন রোগী চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। আর ঢাকায় ৪৭৪ জনকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অষ্টমী সেন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় মোট ১৭ জন ডেঙ্গু জ্বরে মারা গেছেন।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, যশোরের কেশবপুর উপজেলার চন্দন সেনের স্ত্রী অষ্টমী সেন দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৭ জন নতুন রোগী। এর মধ্যে ঢাকায় ৬৩ জন এবং বাকি ২০৪ জন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন।

সরকারি তথ্যমতে, গত জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৯০ হাজার ৫৪৫ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৮ হাজার ৯৮৭ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তি রোগী আছেন ১ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৪৮ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৪২টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ৮১টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google