
জুমবাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
শনিবার (০৫ জুন) সন্ধ্যায় বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে থেকে বিদেশ গমনে ইচ্ছুক এক সাধারণ যাত্রীর সাথে প্রতারণা করার সময় হাতেনাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
ঘটনার বিবরণে জানা যায়, বিদেশ গমনে ইচ্ছুক যাত্রী শাহ আলম প্রদীপকে ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয় অভিযুক্ত ওমর ফারুক হেলালী রাকিব (২৬)। শনিবার (০৫ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীকে বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট এবং ৫০০ ডলার সহ হাজির থাকতে বলে প্রতারক রাকিব। যাত্রী বিমানবন্দরে হাজির হলে তার কাছ থেকে পাসপোর্ট এবং ৫০০ মার্কিন ডলার গ্রহণ করে যাত্রীকে ১নং টার্মিনালের সামনে অপেক্ষা করতে বলে সটকে পড়ার চেষ্টা করতেই বিমানবন্দর আর্মড পুলিশ তাকে আটক করে।
যাত্রীর কাছ থেকে জানা যায় যে, যাত্রীর ভাইয়ের ছেলের মাধ্যমে প্রতারক এর সাথে তার পরিচয়। আজ তার মালয়েশিয়া যাওয়ার কথা। প্রতারক রাকিবের কথা অনুযায়ী পাসপোর্ট এবং ৫০০ ডলার নিয়ে তিনি বিমানবন্দরে হাজির হন। এয়ারপোর্টে এসে প্রতারককে ডলার দিতেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে যাত্রী জানতে পারেন পুরোটাই শুভংকরের ফাঁকি। প্রতারক রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


