জুমবাংলা ডেস্ক : প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে আড়াই হাজার শ্রমিক এবং তাদের স্বজনদের মৃত্যুজনিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা এবং সন্তানের উচ্চশিক্ষার জন্য সহায়তা হিসেবে প্রায় নয় কোটি ৪৫ লাখ টাকা সহায়তা দেয়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের ২৩তম বোর্ড সভায় দুই হাজার ৫৩১টি আবেদন সহায়তার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
শ্রম আইনের আলোকে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২’শ ৩টি কোম্পানি তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ সাড়ে ৫’শ কোটি টাকা জমা হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ২০২১ পর্যন্ত এ তহবিল হতে সহায়তার জন্য ১৩৮ জন শ্রমিকের মৃত্যুজনিত কারণে তাদের পরিবার, চিকিৎসা সহায়তার জন্য ২ হাজার ১৩৪ জন এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তার জন্য ২৫৯ জন আবেদন করেন। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ১৩৮ শ্রমিকের মৃত্যুজনিত কারণে ৬২ লাখ ৭৫ হাজার টাকা, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২ হাজার ১৩৪ জন শ্রমিকের চিকিৎসার জন্য ৮ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকা এবং শ্রমিকের ২৫৯ জন সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তার জন্য ৮০ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই অনুমোদিত আবেদনকারীদের সহায়তা প্রদান করা হবে।
সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, করোনা মহামারির এ সময়ে এ সকল শ্রমজীবী পরবারগুলো আমাদের এ তহবিল থেকে সহায়তা পেলে তাদের অনেক বড় উপকার হবে। শ্রম মন্ত্রণালয় শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে সব সময় অসহায় পাশে আছে। থাকবে সব সময়। অনুমোদিত সহায়তার অর্থ যাতে স্বল্পতম সময়ে শ্রমিকদের হাতে পৌঁছে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বোর্ড সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড.রেজাউল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেসা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো.নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমারসহ এ ফাউন্ডেশনের বোর্ডের সদস্য এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর-সংস্থা সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


