বিনোদনজগৎ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার অংশ হিসেবে এবার নিজের পুরো মিউজিক ক্যাটালগ বিক্রি করে দিলেন পপসম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘প্রাইমারি ওয়েভ’-এর কাছে নিজের গানের স্বত্ব হস্তান্তর করেছেন তিনি।

এই বিশাল অংকের চুক্তির আওতায় রয়েছে তার ক্যারিয়ারের ৯টি স্টুডিও অ্যালবামের সব জনপ্রিয় গান। ১৯৯৯ সালে আত্মপ্রকাশের পর ‘বেবি ওয়ান মোর টাইম’ ও ‘টক্সিক’-এর মতো বিশ্বজুড়ে ঝড় তোলা গানগুলো দিয়ে তিনি সংগীতজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। এখন থেকে এসব গানের স্বত্ব আর তার থাকছে না।
২০২১ সালে দীর্ঘ ১৩ বছরের আইনি অভিভাবকত্ব থেকে মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে জনজীবন থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন ৪৪ বছর বয়সী এই তারকা।
এরপর ২০২৪ সালে সংগীত থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকার পরিকল্পনার অংশ হিসেবেই বিপুল অর্থের বিনিময়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিজের মিউজিক ক্যাটালগ বিক্রির এই ট্রেন্ডে নাম লিখিয়েছেন শাকিরা ও জাস্টিন বিবারের মতো বিশ্বখ্যাত তারকারাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


