পুরনো ওয়াই-ফাই রাউটার শুধু ইন্টারনেট দিচ্ছে কি না, তা ভেবে দেখুন—নাকি এটি হ্যাকারদের জন্য আপনার ব্যক্তিগত তথ্যের দরজা খুলে দিচ্ছে? সম্প্রতি মার্কিন তদন্ত সংস্থা এফবিআই সতর্ক করেছে, যে রাউটারগুলো এক দশকেরও বেশি পুরনো, সেগুলো এখন সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য।

প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার জানিয়েছে, যারা নিয়মিত তাদের রাউটার আপডেট বা পরিবর্তন করেছেন, তাদের কিছু ভাবার নেই। এই সতর্কবার্তা মূলত ২০০০-এর শেষ বা ২০১০-এর শুরুতে তৈরি মডেলগুলোর জন্য প্রযোজ্য। এই ধরনের পুরানো রাউটার আর কোনো নিরাপত্তা আপডেট বা প্যাচ পায় না, তাই হ্যাকারদের কাছে সহজ লক্ষ্য হয়ে দাঁড়ায়।
এফবিআই জানিয়েছে, হ্যাকাররা এই পুরানো রাউটারের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে। এর ফলে তারা রাউটার পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলোকে ‘বটনেট’-এর অংশ করে দিতে পারে। বটনেট হলো হ্যাক করা ডিভাইসের একটি নেটওয়ার্ক, যা ব্যবহার করে সাইবার হামলা চালানো বা অন্য অপরাধীদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করা হয়।
ঝুঁকিপূর্ণ মডেলের উদাহরণ:
এফবিআই বিশেষভাবে লিংকসিস ব্র্যান্ডের পুরানো রাউটারগুলোর নাম উল্লেখ করেছে। ২০১১ সালের ‘E1200’, ‘E2500’, ‘E4200’, ২০০৯ সালের ‘WRT3200’ এবং ২০১০ সালের ‘M10’ এই তালিকার মধ্যে রয়েছে।
হ্যাকাররা কিভাবে আক্রমণ চালায়:
অনেক পুরানো রাউটারে থাকে ‘রিমোট অ্যাডমিনিস্ট্রেশন’ সুবিধা, যা ইন্টারনেটের মাধ্যমে রাউটার নিয়ন্ত্রণের সুযোগ দেয়। হ্যাকাররা এই সুবিধাকে ব্যবহার করে ম্যালওয়্যার ইনস্টল করে, রাউটারকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের সঙ্গে যুক্ত করে। ম্যালওয়্যার নেটওয়ার্ক পোর্টও খুলে দিতে পারে, ফলে রাউটার কার্যত একটি ‘প্রক্সি সার্ভার’-ে পরিণত হয়। অপরাধীরা এটি ব্যবহার করে নিজেদের অনৈতিক কর্মকাণ্ড লুকাতে পারে।
কেন সাবধান হওয়া জরুরি:
রাউটারভিত্তিক হামলা শনাক্ত করা কঠিন। সাধারণ অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটার স্ক্যান করে, কিন্তু রাউটারকে নয়। ম্যালওয়্যার সরাসরি রাউটারের অপারেটিং সিস্টেমে বাসা বাঁধে, তাই এটি সহজে ধরা পড়ে না।
সুপারিশ:
পুরনো রাউটার ব্যবহার করলে তা নতুন ও নিরাপদ মডেলে পরিবর্তন করা সবচেয়ে নিরাপদ সমাধান।
সূত্র: স্ল্যাশগিয়ার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


