প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বাজেটে আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ বলেন, সামগ্রিকভাবে এটি একটি অবাস্তব ও জনস্বার্থবিমুখ বাজেট। তার ভাষ্য, বাজেটে নির্ধারিত ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আয় অর্জন করা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, বাজেটে কালো টাকা বৈধ করার বিষয়ে কোনো সুস্পষ্ট নীতিমালা বা দিকনির্দেশনা দেওয়া হয়নি। পাশাপাশি দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান সংকট ও নানা সমস্যার বিষয়েও বাজেটে কার্যকর কোনো রূপরেখা তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন (TIN) নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তাদের মতে, এ ধরনের শর্ত সাধারণ মানুষের ব্যাংকিং সেবায় অংশগ্রহণের আগ্রহ কমিয়ে দিতে পারে এবং আর্থিক অন্তর্ভুক্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
বাজেটের বিভিন্ন দিক নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে পরবর্তী সময়ে দলটির পক্ষ থেকে সুপারিশ তুলে ধরা হবে বলেও জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



