২০২২ বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার শিরোপা জয় এখনও ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। সেই আনন্দঘন মুহূর্তের রেশ নিয়েই এবারের বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের প্রধান তারকা লিওনেল মেসিকে ঘিরে আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। তবে শিরোপা ধরে রাখা যে সহজ হবে না, তা স্বীকার করেছেন স্বয়ং মেসি।

আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন মেসি। তিনি জানান, বর্তমান সময়ে কিছু দল আর্জেন্টিনার চেয়েও বেশি ছন্দে রয়েছে এবং তারাই শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে।
মেসি বিশেষভাবে ফ্রান্সকে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। তার মতে, গত বিশ্বকাপের রানার্সআপ দলটি এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং তাদের দলে রয়েছে একাধিক শীর্ষমানের খেলোয়াড়।
তিনি আরও বলেন, স্পেন, ব্রাজিল এবং পর্তুগালও বিশ্বকাপে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সাম্প্রতিক সময়ে স্পেনের পারফরম্যান্স উন্নতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তিনি। অন্যদিকে ব্রাজিল কিছুটা অনিয়মিত ফর্মে থাকলেও ঐতিহ্যগতভাবে তারা সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার।
পর্তুগাল সম্পর্কে মেসির মন্তব্য, দলটি বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে এবং বিশ্বের যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করার সক্ষমতা রাখে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই নামবে। একই সঙ্গে এটি হতে পারে আন্তর্জাতিক মঞ্চে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এমন আলোচনাও রয়েছে ফুটবল মহলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


