বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, সরকারকে ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে—সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত এমন তথ্য সঠিক নয় এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।
গভর্নর বলেন, দেশের ব্যাংকিং খাত বর্তমানে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিপুল পরিমাণ ঋণ খেলাপির তালিকায় থাকলেও অনেক ক্ষেত্রেই এসব ঋণের বিপরীতে কোনো দৃশ্যমান সম্পদ বা সঠিক নথিপত্র নেই। ফলে এগুলোকে প্রচলিত অর্থে খেলাপি বলা কঠিন, বরং অনেক ক্ষেত্রে এগুলোকে অর্থ আত্মসাৎ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তিনি আরও বলেন, সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরগতির হওয়ার প্রধান কারণ হলো বেনামি লেনদেন ও গোপন সম্পদ শনাক্তের জটিলতা।
সম্প্রতি কিছু গবেষণা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থ গ্রহণ নিয়ে যে আলোচনা এসেছে, তা নিয়েও প্রতিক্রিয়া জানান গভর্নর। তিনি বলেন, ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া হয়েছে—এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। এর কোনো অস্তিত্ব নেই।
তিনি ব্যাখ্যা করেন, সরকারের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের “ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স” নামে একটি নিয়মিত হিসাব রয়েছে, যার মাধ্যমে স্বল্পমেয়াদি অর্থের প্রয়োজন মেটানো হয়। এটি একটি স্বাভাবিক ও বৈধ প্রক্রিয়া, যা অন্যান্য দেশেও প্রচলিত।
গভর্নর জানান, এই হিসাবের নির্ধারিত সীমা প্রায় ১২ হাজার কোটি টাকা। প্রয়োজন অনুযায়ী তা অস্থায়ীভাবে ওঠানামা করে এবং রাজস্ব আসার পর আবার সমন্বয় হয়ে যায়। এটি কোনোভাবেই নতুন টাকা ছাপানোর প্রক্রিয়া নয়।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ভুল তথ্য দেশের অর্থনৈতিক ভাবমূর্তি ও ক্রেডিট রেটিংয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ভবিষ্যতে ঋণ গ্রহণকে ব্যয়বহুল করে তুলতে পারে। তাই গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে তথ্য প্রচারের আহ্বান জানান তিনি।
এছাড়া সভায় তিনি ব্যাংকিং খাতের সংস্কার, স্টার্টআপ তহবিল, কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন এবং ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়ন নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


