আগামী ২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর এটিই হবে তার প্রথম যশোর সফর। প্রধানমন্ত্রীর যশোর সফরের বিষয়টি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোরে সাজ সাজ রব পড়ে গেছে। তার আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আগামীর সময়কে জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন বিকেলে যশোর ঈদগা ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি যশোরের শার্শায় গিয়ে জিয়া স্মৃতি বিজড়িত উলুসী খাল ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেছেন, ‘২০১১ সালে যশোর মেডিক্যাল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১৫ বছরেও এখানে হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৫ কিলোমিটার দূরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেতে হয়।’
‘এছাড়া এলাকার মানুষ সেবা থেকে বঞ্চিত ছিল দীর্ঘদিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ শয্যার এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, যা এই অঞ্চলের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে।’
প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজে হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনায় প্রাণ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


