আলোচিত নির্মাতা রায়হান রাফী-এর আসন্ন ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’। কয়েকদিন আগে প্রকাশিত সিনেমাটির পোস্টারে চার নারী চরিত্রকে সামনে এনে আলোচনার জন্ম দেন এই নির্মাতা। এবার প্রকাশ পেল সিনেমাটির রহস্যে ঘেরা টিজার।

শনিবার (৭ মার্চ) প্রায় দেড় মিনিট দৈর্ঘ্যের একটি টিজার প্রকাশ করা হয়েছে। তবে এটিকে টিজার না বলে নির্মাতা নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’।
ভিডিওটি শেয়ার করে রাফী লিখেছেন, “নীরব চাপে জমছে এক বিস্ফোরণ, ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল। প্রেশার কুকারের প্রথম হুইসেল উন্মোচন করা হলো।”
রহস্যময় ভঙ্গিতে তিনি আরও লেখেন, “প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।”
দেড় মিনিটের ‘ফার্স্ট হুইসেল’-এ চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের ইঙ্গিত পাওয়া গেছে। পুরো ভিডিওজুড়ে শোনা যায় চঞ্চল চৌধুরী-র কণ্ঠে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার আবৃত্তি, যা টিজারের আবহকে আরও রহস্যময় ও উত্তপ্ত করে তোলে।
টিজারে চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম-এর মতো গুণী অভিনয়শিল্পীদের।
ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা থেকে সরে চার নারীর গল্পকে কেন্দ্র করে চিত্রনাট্য সাজিয়েছেন রাফী। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্পই তুলে ধরা হবে এ সিনেমায়। রাফীর ভাষায়, “এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


