জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার যখন একটি মাত্র সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছিল, তখন বিএনপি দাবি করেছিল এতে নাকি দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। অথচ বর্তমানে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা তার মতে সম্পূর্ণ অগণতান্ত্রিক। তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে এখন কি দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না?

রোববার (১৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সেই পোস্টে সারজিস আলম বলেন, দ্রুত নির্বাচিত সরকারের অধীনে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে দলীয় লোকজনকে পদে বসিয়ে লুটপাটের রাজনীতি বন্ধ করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আগে দলীয় লোকদের প্রশাসক হিসেবে বসানো হবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হবে এবং ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের সুবিধা নেওয়া হবে। পরে সেই ব্যক্তিদের দিয়েই ওই এলাকায় নির্বাচন আয়োজন করে নির্বাচিত করার পরিকল্পনা করা হবে। তার মতে, এই ধরনের রাজনৈতিক কৌশল স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার প্রাথমিক ধাপ।
ফেসবুক পোস্টে সারজিস আলম আরও লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তারা কি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে, নাকি কিছু অতিরিক্ত চতুর মানুষের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। তিনি মন্তব্য করেন, অতিরিক্ত চাতুর্যের ফল শেষ পর্যন্ত বিপদই ডেকে আনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


