দেশের সিনেমার ইতিহাসে কালজয়ী প্রেমের গানের তালিকায় রয়েছে ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমায় গান এটি, যা আজও শ্রোতাদের আবেগ ও স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে। এ গানটিতে সে সময় কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর আবারও নতুনভাবে গানটি রেকর্ড করা হয়েছে। এখানেও রয়েছে চমক। নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। ১১ মার্চ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। আসন্ন ঈদের জন্য নির্মিত ‘দম’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে।

সিনেমার জন্য নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে ‘এই মন তোমাকে দিলাম’-এর এই সংস্করণ। তবে এটি হুবহু আগের গান নয়। মূল গানের আবহ ও আবেদন ধরে রেখে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। মূল ‘এই মন তোমাকে দিলাম’ গানের কথা লিখেছিলেন গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের সেই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের দর্শকের কাছে নতুন আবহে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে ‘দম’ সিনেমায়।
রেকর্ডিংয়ের ফাঁকে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তা ছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’ রেকর্ডিং শেষে তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়েরও প্রশংসা করেন। পাশাপাশি সিনেমাটির সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনাও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সিনেমায় গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে নির্মাতা রেদওয়ান রনি বলেন, “দম বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটি গান রাখতে চেয়েছি, যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। ‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটি গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ-বেদনা জড়িয়ে আছে। আমাদের সিনেমাটাও এমন, যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


