মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েলসহ মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুটি ফুয়েল ট্যাংকার। ফুয়েল ট্যাংকার দুটি বুধবার রাতে বন্দরের জলসীমায় প্রবেশ করে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলের মধ্যে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে। সেখানে জ্বালানি তেল খালাস করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে দুটি ফুয়েল ট্যাংকার গত রাতে বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। ট্যাঙ্কার দুটি রাতে জলসীমায় প্রবেশ করলেও আজ সকালে বহির্নোঙরে এসে পৌঁছায়। এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাসবাহী মোট ৩৩টি জাহাজ নোঙর করেছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস করা হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


