ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কিংবা অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


