স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী আট বছরের মধ্যে দেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। তিনি জানান, যেসব পরিবারের মধ্যে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের সবাইকে তালিকাভুক্ত করার জন্য আহ্বান জানানো হচ্ছে। জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কাজ শুরু হবে।

শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন ‘বেহেশতের টিকিট’ দেবেন না, বরং মানুষের কল্যাণে বাস্তব সুবিধা দেওয়া হবে। সেই লক্ষ্যেই তিনটি ধরনের সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে, যাতে মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে এবং সন্তানদের ভালোভাবে লালন-পালন করতে পারে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা বছরে ১২ মাসে মোট ৩০ হাজার টাকা সহায়তা পাবেন, যা মাসিক আড়াই হাজার টাকা হিসেবে দেওয়া হবে।
উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, এই সহায়তার ফলে তাদের আর অন্যের ওপর নির্ভর করতে হবে না এবং পারিবারিক জীবনে স্বচ্ছলতা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে একটি নতুন ওষুধ চালু করা হয়েছে, যা প্রসব ব্যথা বিলম্বিত করে স্বাভাবিক প্রসবে সহায়তা করবে। এ ছাড়া সরকারের পরিকল্পনায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং এ জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ অন্যান্য অতিথিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



