আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছে ছবিটি, যার প্রভাব পড়েছে আয়েও। মাত্র ৮ দিনের মধ্যেই ৬০০ কোটির মাইলফলক অতিক্রম করে নতুন রেকর্ডের পথে এগোচ্ছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অষ্টম দিনে রাত ১০টা পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩ কোটি ২৫ লাখ রুপি। এতে করে আট দিনে ভারতে এর মোট নেট আয় হয়েছে ৬৬৭ কোটি ২২ লাখ রুপি।
তবে অষ্টম দিনে আগের দিনের তুলনায় কিছুটা আয় কমেছে। সপ্তম দিনে যেখানে আয় ছিল ৪৮ কোটি ২৫ লাখ রুপি, সেখানে পরের দিনে তা কিছুটা হ্রাস পেয়েছে।
বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমাটি সব জায়গাতেই ভালো সাড়া পাচ্ছে। আয়ের হিসেবে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৪০ কোটি ৬০ লাখ রুপি, তামিল থেকে ৬৮ লাখ এবং তেলুগু থেকে ১ কোটি ৯৭ লাখ রুপি। এর মধ্যে হিন্দির পর তেলুগু ভার্সন থেকে দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে।
অন্যদিকে, বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জওয়ান’ ভারতে মোট আয় করেছিল ৬৪০ কোটি ২৫ লাখ রুপি, আর ‘কল্কি ২৮৯৮ এডি’ আয় করেছিল ৬৪৬ কোটি ৩১ লাখ রুপি। সেই তুলনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ইতিমধ্যেই এই রেকর্ডগুলো ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।
দিনভিত্তিক আয়ও বেশ চমকপ্রদ। প্রিভিউ শোতে ৪৩ কোটি রুপি আয় করার পর প্রথম দিনে ১০২ কোটি ৫৫ লাখ, দ্বিতীয় দিনে ৮০ কোটি ৭২ লাখ, তৃতীয় দিনে ১১৩ কোটি, চতুর্থ দিনে ১১৪ কোটি ৮৫ লাখ, পঞ্চম দিনে ৬৫ কোটি, ষষ্ঠ দিনে ৫৬ কোটি ৬০ লাখ এবং সপ্তম দিনে ৪৮ কোটি ২৫ লাখ রুপি আয় করে সিনেমাটি।
অষ্টম দিনের শো অনুযায়ী দর্শক উপস্থিতিও ছিল ভালো। সকালে ২৪ দশমিক ৬২ শতাংশ, দুপুরে ৪১ দশমিক ৫৪ শতাংশ এবং সন্ধ্যায় ৪৩ দশমিক ৩৮ শতাংশ উপস্থিতি দেখা গেছে। গড় অকুপেন্সি দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৫১ শতাংশে। তবে রাতের শোয়ের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকেশ বেদি, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, দানিশ প্যান্ডোর এবং মানব গোহিল।
সব মিলিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং কিছু সমালোচকের ‘প্রোপাগান্ডা’ মন্তব্য—এই দুইয়ের মাঝেই বক্স অফিসে দারুণ গতিতে এগিয়ে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এটি কত দূর পর্যন্ত সাফল্যের ধারা ধরে রাখতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


