গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জামাল মিয়া (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাহ জামাল মিয়া উপজেলার ডাকাতিয়ার চর গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা। এর আগে একই দিন সকালে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের আলগার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় ৭টি এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


