সকাল গড়ানোর আগেই দেশের কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টার মধ্যে অন্তত পাঁচটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি ও ভারি বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



