কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ধানের শীষ প্রতীকে জয়ী মো. আবুল কালাম সৌজন্য সাক্ষাতে গেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকার লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর অফিসে তিনি ফুল ও মিষ্টি নিয়ে উপস্থিত হন।

সেখানে দুই নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। নির্বাচন-পরবর্তী সময়ে বিজয়ী ও পরাজিত প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয়দের কাছে ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিয়েছে। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক সম্মান ও সৌজন্যের এই উদ্যোগকে অনেকেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখছেন।
নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, লাকসাম-মনোহরগঞ্জের জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার প্রত্যাশায়।
রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, তবে তা যেন কখনও বিভাজন বা বিদ্বেষে রূপ না নেয়— সে দিকেই তিনি গুরুত্ব দিতে চান। এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানান।
অন্যদিকে সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী নবনির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দায়িত্বশীল ও ইতিবাচক রাজনীতির ধারা অব্যাহত থাকবে। তার ভাষায়, এ ধরনের সৌজন্যপূর্ণ আচরণ রাজনীতিতে একটি ইতিবাচক মাইলফলক হয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


