আবির হোসেন সজল : লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের ব্যস্ততম মিশনমোড় গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে ট্রাকের চালক ও সহকারীকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন সদর উপজেলার ফুলগাছ এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে ট্রাক চালক মো. রাকু মিয়া (৩০) ও দুরাকুটি এলাকার মৃত মনছুর আলীর ছেলে সহকারী মো. লুৎফর মিয়া (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে করে মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও স্থানীয় ট্রাফিক সার্জেন্ট রাহুল চক্রবর্তীর নেতৃত্বে মিশনমোড় গোলচত্বরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে নির্দিষ্ট ট্রাকটি (গ্যাস সিলিন্ডার বোঝাই) ওই এলাকা অতিক্রম করার সময় পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। পরে ট্রাকটির কেবিনে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ট্রাকের কেবিন থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। বর্তমানে মাদকের সঠিক পরিমাণ নির্ণয়ের জন্য ওজন করার কাজ চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরো জানান, মাদকের গডফাদার বা পর্দার আড়ালের হোতাদের খুঁজে বের করতে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


