জুমবাংলা ডেস্ক : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কোনো ছাড় দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের।

Advertisement

সোমবার (১ জানুয়ারি) রংপুরের কাচারি বাজার কোর্ট এলাকায় গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ এই নির্বাচনে জাতীয় পার্টিকে কোনো ছাড় দেয়নি। যে ২৬টি আসনে নৌকা তুলে নিয়েছে, সেগুলোর দু-একটি বাদে সব আসনেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। দলের নেতাকর্মীরা তাদের পক্ষেই কাজ করছেন। তাহলে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি হলো কী করে? এবারের নির্বাচনে কোনো মহাজোট হয়নি। যারা এসব নিয়ে কথার ফুলঝুরি ছড়ান, তারা অপপ্রচার করছেন।

তিনি বলেন, আমরা সব জায়গায় চেয়েছিলাম প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা। আরেকটা চেয়েছিলাম, অস্ত্র, পেশিশক্তি এবং অর্থের প্রভাব থেকে নির্বাচনকে সরিয়ে রাখা। তাহলে আমরা নির্বাচন করব। সেখানে আওয়ামী লীগ তাদের নিজেদের ইচ্ছায় ২৬টি আসনে তাদের নৌকা প্রার্থী উঠিয়ে নিয়েছে। কিন্তু একই সঙ্গে এসব আসনে তাদের স্বতন্ত্র প্রার্থী রেখেছে। তারা কোনো বিদ্রোহী প্রার্থী নয়, তারা স্বতন্ত্র প্রার্থী। সেই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ সরাসরি কাজ করছে। তারা আমাদের প্রার্থীর পক্ষে কাজ করছে না।

তিনি আরও বলেন, বরিশালসহ কয়েকটি আসনে জাপার কয়েকজন প্রার্থীর নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। এটি করা ঠিক হয়নি। এতে দলের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে। তবে আমাদের প্রার্থীদের মধ্যে আর্থিক সমস্যা দেখা দিয়েছে। দলীয়ভাবে প্রার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।

জাপা চেয়ারম্যান বলেন, রংপুরে আমাদের প্রচার-প্রচারণায় কোনো সমস্যা হচ্ছে না এবং কেউ বাধাও দিচ্ছে না। তবে নির্বাচনের দিন ভোটাররা যাতে পরিবার-পরিজনসহ ভোট দিতে আসেন, সেটিই প্রত্যাশা। এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রংপুরে প্রচণ্ড শীত আর হিমেল বাতাস অব্যাহত রয়েছে। এটা কমে গেলে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক হবে।

তিনি বলেন, যেখানেই যাচ্ছি, দলমত নির্বিশেষে সবার কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এ ছাড়া রংপুর হচ্ছে জাতীয় পার্টির দুর্গ এবং লাঙ্গলের ঘাঁটি। এখানকার মানুষ জাতীয় পার্টির প্রতি এমনিতেই সহানুভূতিশীল। সম্প্রতি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দলের মেয়র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছে। আর যেহেতু সদর আসন, ভোটারও বেশি, আমি আশা করি বিপুল ভোটে জয়ী হব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.