ভারতীয় চলচ্চিত্রসংগীতের অস্কারজয়ী সুরকার এ আর রাহমান-কে ঘিরে বিতর্ক থামছেই না। সম্প্রতি সাম্প্রদায়িক বৈষম্য নিয়ে তার একটি মন্তব্য সমালোচনার জন্ম দেয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার তার বিরুদ্ধে গান চুরির অভিযোগে ভারতের সর্বোচ্চ আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

ভারতীয় ধ্রুপদী সংগীতশিল্পী ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিম কোর্টে অভিযোগ তুলেছেন যে, রাহমান তার পুরোনো রচনা থেকে সুরের অংশ ব্যবহার করেছেন। মামলাটি শুনানি হয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয় মাল্য বাগচী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চে।
আবেদনে বলা হয়, পরিচালক মণি রত্নম-এর তামিল চলচ্চিত্র পোন্নিয়িন সেলভান ২-এ ব্যবহৃত ‘বীর রাজা বীর’ গানটিতে সাগরের লেখা ‘শিব স্তুতি’র একটি অংশ নকল করা হয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল।
শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, ডাগর বাণী বা ডাগর পরিবারের সংগীত ঐতিহ্য বিশ্বজুড়ে সুপরিচিত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সম্মানিত শিল্পী হিসেবে বিবেচিত। বিচারপতি বাগচী বলেন, প্রকৃত রচয়িতা কে—তা যাচাই করা প্রয়োজন। কেবল পরিবেশন করলেই কেউ গানের স্রষ্টা হয়ে যান না; প্রমাণ করতে হবে, পূর্বে একই সুর অন্য কারও ছিল না। তিনি আরও উল্লেখ করেন, বাদীপক্ষ ইতোমধ্যেই স্বীকার করেছেন যে বিবাদীপক্ষ ডাগর ঐতিহ্যের অংশ।
অন্যদিকে রাহমানের আইনজীবী আদালতে বলেন, তার মক্কেল কখনও অন্যের সৃষ্টির কৃতিত্ব দাবি করেন না। তবে তিনি যা সৃষ্টি করেন, তার মালিকানা অবশ্যই দাবি করেন।
প্রথম দিনের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মামলাটি স্থগিত রেখেছেন। আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবারও এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


