শেরপুর শহরের একটি পাঁচ তলা আবাসিক ভবনের নিচতলায় নিয়মবহির্ভূতভাবে ট্যাংক বসিয়ে ২৫ হাজার লিটার তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুত করা তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল মজুত থাকায় আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংকার সরানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়া গেছে। এ কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবন হতে জ্বালানি তেল ও তেলের ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ওসি সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


