ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দল সমর্থিত এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মনোনীত প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীর মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। এখনো এই আসনের চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে, কিছু কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। এ অবস্থার মধ্যে মির্জা আব্বাস নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন— এমন স্লোগান দিয়ে তার কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আব্বাসের কর্মী-সমর্থকরা এই বিজয় মিছিল শুরু করেন। তবে এই আসনের চূড়ান্ত ফলাফল এখনো আসেনি এবং সব কেন্দ্রের ফলাফলও প্রকাশ করা হয়নি। কিসের ভিত্তিতে তারা বিজয় মিছিল ও উল্লাস করছেন, সে বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি।
সরেজমিনে দেখা যায়, মির্জা আব্বাসের কয়েকশ কর্মী-সমর্থক ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্লোগান দিয়ে বিজয় মিছিল করছেন। মিছিলে তারা বলছেন, “এই মুহূর্তে খবর এলো, আব্বাস ভাই জিতে গেল।” কয়েকজন কর্মী-সমর্থকের সঙ্গে কথা বলে জানা যায়, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে জয়লাভ করেছেন এমন খবর পেয়েই তারা উল্লাস করছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে কর্মী-সমর্থকদের এমন মিছিলের পর সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। তারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসা-যাওয়ার প্রধান ফটক বন্ধ করে দিয়েছেন। এছাড়া এই কার্যালয়ে লোকজনের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মির্জা আব্বাসের কর্মী-সমর্থকদের সংখ্যাও বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


